নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজিসহ নানা অভিযোগে এরইমধ্যে তাকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নেওয়া হয় ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।
পুলিশ জানায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ যাচাই-বাছাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে তার সঙ্গে নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।