ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, আহত ৫

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবুল হোসেন জেলার সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলি হয়ে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রিবুল হোসেন গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা অন্তত পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিবুল হোসেন মারা যান।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিবুল নামে একজন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।