রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সোমবার পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন। রাজধানীর আটটি থানার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।