বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়েছিল। একই সভায় পুনরায় অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত।
১৩ জুন ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।