রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারে পিষ্ট বৃদ্ধা

রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ঘটনাস্থলের পাশেই আমাদের ডিউটি চলছিল। এ সময় লোকমুখে আমরা জানতে পারি, রাস্তা পারাপারের সময় বুলডোজারের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন।

এসআই বলেন, পরে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় ওই বৃদ্ধা নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই বৃদ্ধা নারী আর বেঁচে নেই।

তিনি আরও জানান, এ ঘটনায় বুলডোজারটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা এখনো ওই বৃদ্ধা নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিনের ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।