গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।
বুধবার জারি করা এক নোটিসে কারখানা কর্তৃপক্ষ জানায়, ৮ জুলাই বিকেল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন সকালে তারা কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে অংশ নেননি।
কারখানা কর্তৃপক্ষের দাবি, বারবার অনুরোধের পরও শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী গার্মেন্টস শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
নোটিসে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পৃথক নোটিসের মাধ্যমে কারখানা পুনরায় চালুর তারিখ জানানো হবে। তবে করণী ফ্যাশনসের নিটিং সেকশন এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
তবে শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের বেতন একসঙ্গে পরিশোধ না করে কিস্তিতে দেওয়া হচ্ছে। এতে বাড়িভাড়া ও দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় মেটাতে তারা সমস্যায় পড়ছেন। এ কারণেই তারা প্রতিবাদ হিসেবে উৎপাদন কার্যক্রম থেকে বিরত ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরেই কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। কারখানা বন্ধ ঘোষণার পর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’