নিরাপদ প্রসবসেবায় দেশসেরা নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসেবাসহ মা ও শিশুস্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চলতি বছরের প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠানে ১ হাজার ২৯৭ জন মাকে নিরাপদ প্রসবসেবা দেওয়া হয়েছে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ের দেশের ৬৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে নোয়াখালীর এ কেন্দ্র।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আগামী ১২ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রপতি সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ এপ্রিল নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে কয়েক বছরের মধ্যেই নানা সংকটে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়। ২০১৬ সালে এখানে প্রসবসেবার সংখ্যা শূন্যে নেমে আসে।

২০২১ সালে করোনা মহামারির সময় মেডিকেল অফিসার (ক্লিনিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. মুহাম্মদ জিহাদুল হক। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসেবা চালুর উদ্যোগ নেন। বিদ্যমান সমস্যাগুলো নিজেদের প্রচেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় ধীরে ধীরে সমাধান করা হয়। ফলে সাধারণ মানুষের আস্থা বাড়তে থাকে এবং প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। বর্তমানে এখানে প্রতি মাসে ২০০টিরও বেশি স্বাভাবিক প্রসব এবং প্রয়োজনীয় সংখ্যক সিজারিয়ান অপারেশন করা হচ্ছে।

এ ছাড়া প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, শিশুস্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাও নিয়মিত দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে ছয়জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ল্যাব টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, একজন মিডওয়াইফ, একজন অ্যাম্বুলেন্সচালক ও পাঁচজন আয়া কর্মরত রয়েছেন। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলে ২০২৫ সালে এ কেন্দ্রে মোট ২ হাজার ৭০৪টি প্রসব সম্পন্ন হয়। এর মধ্যে ২ হাজার ৬০৮টি ছিল স্বাভাবিক প্রসব এবং ৯৬টি সিজারিয়ান।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ১ হাজার ২৭৪টি স্বাভাবিক প্রসব এবং ২৩টি সিজারিয়ান অপারেশন করা হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই সম্পন্ন হয়েছে ৫৬টি স্বাভাবিক প্রসব।

দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা এখানকার পরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং মানবিক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার কামরুন নাহার গত ৮ এপ্রিল এ কেন্দ্রে ভর্তি হন। পরদিন সকালে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

কামরুন নাহার বলেন, ‘এখানকার সবাই অত্যন্ত আন্তরিক। সন্তান জন্মের আগে থেকে আমি প্রয়োজনীয় সব ধরনের সেবা পেয়েছি। চিকিৎসক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিবিড় তত্ত্বাবধানে নিরাপদে সন্তান জন্ম দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি ও আমার সন্তান দুজনই ভালো আছি।’

শুধু নোয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও অনেক প্রসূতি এ কেন্দ্রে সেবা নিতে আসেন। গত ৯ জুলাই লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে আসা সুফিয়া বেগম এখানে স্বাভাবিক প্রসবে সন্তানের জন্ম দেন।

তিনি বলেন, ‘এখানে সবাই খুব যত্ন নিয়ে সেবা দিয়েছেন। আমরা ভালো আছি।’

পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসরিন সুলতানা বলেন, ‘একজন মায়ের কোলে তার নবজাতককে তুলে দেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এমন মুহূর্তে মায়েদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।’

প্রতিষ্ঠানটির মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মুহাম্মদ জিহাদুল হক বলেন, ‘২০১৬ সালে এ প্রতিষ্ঠানে প্রসবসেবার সংখ্যা ছিল শূন্য। আজ আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছি। আমাদের লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে একজন মা হাসপাতালে নয়, নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আমরা প্রসবসেবা, ল্যাব পরীক্ষা ও আলট্রাসনোগ্রামসহ যত বেশি সম্ভব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছি। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষেরাও নিরাপদ প্রসবের জন্য হাসপাতালে আসতে উৎসাহিত হচ্ছেন। এই অর্জন সেই প্রচেষ্টারই ফল।’

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগের নোয়াখালীর উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনা বিভাগের জন্য গর্বের একটি প্রতিষ্ঠান। এখানে প্রতি মাসে গড়ে আড়াই শতাধিক স্বাভাবিক প্রসব করানো হয়। পাশাপাশি আরএইচসি, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, পরিবার পরিকল্পনা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবাও দেওয়া হয়। অধিকাংশ সেবাগ্রহীতা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর। সরকারের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা এবং ঘরে প্রসবের হার শূন্যে নামিয়ে আনা। বিনামূল্যে উন্নত সেবা পাওয়ায় দরিদ্র মায়েরা এখন হাসপাতালে আসতে আগ্রহী হচ্ছেন এবং অন্যদেরও উৎসাহিত করছেন। জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

তবে সংশ্লিষ্টদের মতে, নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন পূর্ণকালীন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হলে সেবার মান আরও উন্নত হবে। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্স থাকলেও জ্বালানি বাবদ বরাদ্দ না থাকায় তা নিয়মিত ব্যবহার করা যাচ্ছে না। পর্যাপ্ত ওষুধ সরবরাহেরও ঘাটতি রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ...
বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ধুনটে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র ডান তীর রক্ষার মূল বাঁধ। বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে চেষ্টা করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বলছেন পানি উন্নয়ন...
আজ  দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর...
যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি থাকায় বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার এক ফেসবুক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়। মুমূর্ষু অবস্থায়...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি...
লোডিং...

এলাকার খবর