রাজধানীর রামপুরা ব্রিজে সিএনজি দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ আলীর বাড়ি জামালপুর উপজেলার বকশীগঞ্জ থানার বাটা জোর গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন তিনি।
নিহত ইউসুফের ভাই মনজুরুল জানান, শনিবার আনুমানিক রাত ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর তার ভাইয়ের সিএনজিটি নষ্ট হয়ে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে মিস্ত্রিকে দিয়ে মেরামতের কাজ করাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ইউসুফ আলী এবং মিস্ত্রি কামাল গুরুতর আহত হন। পরবর্তীতে খবর পেয়ে তারা রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন। মিস্ত্রি কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ইউসুফ আলীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ইউসুফ আলীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। রামপুরা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।