জুলাই আন্দোলন

কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে ব্যবস্থা: ডিএমপি 

২৪– এর জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম বলেন, ‘জুলাই সংক্রান্ত ৫৯টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। পর্যায়ক্রমে প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। প্রতি ১৫ দিন পরপর এ মামলাগুলো নিয়ে মিটিং করা হচ্ছে। এছাড়া পুলিশ সদরদপ্তরও মামলাগুলো নিয়ে মনিটরিং সেল আছে।’

জুলাই আন্দোলন ঘিরে একই ঘটনায় একাধিক মামলা এবং মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘এসব মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি তথ্য–উপাত্ত বিশ্লেষণ করেই মামলাগুলোর প্রতিবেদন দেওয়া হবে। নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না।’
 
অনলাইন জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার নিয়ে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলন। জুয়াবিরোধী অভিযানে সাড়ে ৬ হাজার এমএফএস অ্যাকাউন্ট–সংবলিত সিম কার্ড জব্দসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।