৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন: চাচি লতা গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর ও আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন হওয়া ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে গুরুতর আঘাত করছেন চাচী ফারজানা আক্তার লতা। এই অমানবিক ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরিবার অভিযোগ না করলেও সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলা করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। মামলার পর র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়। পরে রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।