গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আজ বুধবার আদালত চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে মক্কেল ও আইনজীবীদের কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচার দাবি জানান।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সাথে মোবাইল ফোনে এবং হোয়ার্টস অ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।