মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা 

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের কাছে মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৮টার আগে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে পুলিশসহ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিস্ক্রিয় করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছেন। 

প্রত্যক্ষদর্শী এক আনসার সদস্য বলেন, ‘এক পথচারী আমাদের জানান, মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা পড়ে আছে। আমরা গিয়ে দেখি একটু আলো জ্বলতেছে। এরপর আমাদের কর্তৃপক্ষকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট আসে।’ 

এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। কীভাবে এবং কে বা কারা এই বোমা নিক্ষেপ করছে তা জানা যায়নি।