রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ হয়। পরে সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, আহত মিরাজের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। তার বাবার নাম রকিবুল ইসলাম। বর্তমানে মতিঝিলের আরামবাগ এলাকায় বসবাস করেন। আহত যুবক একটি কলেজে শিক্ষকতা করেন।
হাসপাতালে আহত যুবকের বন্ধু শামসুল হক জানান, আজ বিকেলের দিকে রাজধানী মার্কেট থেকে থ্রি পিস কিনে আরামবাগে বাসার সামনে যাচ্ছিলাম। এ সময় মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিচে কে বা কারা একটি ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে আমার বন্ধু মিরাজের বাম চোখে আঘাত পেয়ে আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। বর্তমানে আমার বন্ধুকে নিয়ে সেখানে যাচ্ছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে বাম চোখে আঘাত পেয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আগারগাঁও চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।



