রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বিস্ফোরকটিতে টাইমার সদৃশ বস্তু ছিল বলে জানা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, এটির সাথে টাইমার সেট করা ছিল এবং বোমাটি ছাতার মধ্যে লুকানো ছিল।
প্রত্যক্ষদর্শী এক আনসার সদস্য বলেন, ‘এক পথচারী আমাদের জানান, মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা পড়ে আছে। আমরা গিয়ে দেখি একটু আলো জ্বলতেছে। এরপর আমাদের কর্তৃপক্ষকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট আসে।’
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এরপর বোমাটি নিস্ক্রিয় করেন তারা।
এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



