রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের পরিত্যক্ত ভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত বাসভবনটির মালিক সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ধানমন্ডি থানাধীন সুধা সদনে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে৷ পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কলেজের মর্গে পাঠিয়েছি।’
এসআই জানান, পরে সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাসা মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ -এ। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদনে অগ্নিসংযোগ করে একদল লোক। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।