আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: দলের বহিষ্কৃত নেতা লেদু কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দলটির বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত  রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক  হাফিজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সাতদিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় এই মামলার বাদীও উপস্থিত ছিলেন।