শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ, বিএনপি বলছে ‘প্রতিবাদ’

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় প্রতিবাদ করা হয়েছে। আজ বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অনুষ্ঠানে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর ও তাদের সহযোদ্ধারা। 

তাদের অভিযোগ, শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে ইমরান ও জাকিরকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন বিএনপি নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় প্রতিবাদ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেনসহ সরকারি কর্মকর্তা, বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, জেলা প্রশাসকের দাওয়াতে আমরা অনুষ্ঠানে আসি। অনুষ্ঠানে ঢোকার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমাকে ও আমার সহযোদ্ধা জাকিরকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে অনুষ্ঠান স্থল থেকে ঘার ধরে বের করে দেয়।

তিনি বলেন, বিএনপি নেতারা বোঝাতে চায়, ২৪ এর গণঅভ্যুত্থানে শরীয়তপুরে কোথাও কোনো আন্দোলন হয়নি। আমরা তো জানি কোথায় কোথায় আন্দোলন হয়েছে। জাজিরা নাওডোবা ও সখিপুরসহ বিভিন্ন যায়গায় আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করে আহত হয়েছেন। তা বিএনপি নেতারা অস্বীকার করতে চায়।

শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরর্শেদ টিপু বলেন, ইমরান আল নাজিরসহ তাঁর লোকজন মিলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতিনিয়ত ফেসবুকে লেখালেখি করে। আজ অনুষ্ঠানে এসেও প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাজে ভাষায় সমালোচনা করেছে। তাই আমরা প্রতিবাদ করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হট্টগোল হয়নি। আগে যদি হট্টগোল হয়ে থাকে তা জেনে জানানো যাবে।