দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (কেএওডব্লিউএল) এবং কালচার এন্ড পিপল নিউজপেপার (সিএনপিএন) গোল্ডেন পেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলা ভাষার কবি ও লেখক মুম রহমান। তিনি এই পুরস্কারের ১৮তম প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কেএওডব্লিউএল এবং সিএনপিএন যৌথভাবে এই আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কারটির জুরি বোর্ডের চেয়ারম্যান কবি ড. কাং বিয়ং-চিওল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে মুম রহমানকে (মুহম্মদ মজিবুর রহমান) ১৮তম প্রাপক হিসেবে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১০ আগস্ট ২০২৬ সিএনপিএন নিউজের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।
বাংলা ভাষার কোনো কবির ক্ষেত্রে কোরিয়ার কোনো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের এটিই প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে বাংলা কবিতা ও বাংলাদেশের সাহিত্যচর্চা আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করল।
মুম রহমানকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেন আন্তর্জাতিকভাবে পরিচিত তুরস্কের কবি তারিক গুনেরসেল। পুরস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিঠিতে তাঁর মনোনয়ন এবং মুম রহমানের সাহিত্যিক অর্জনের প্রতি তাঁর আস্থা ও সমর্থনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
১৮তম কেএওডব্লিউএল এবং সিএনপিএন গোল্ডেন পেন অ্যাওয়ার্ড-এর পূর্ববর্তী প্রাপকদের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার মাওয়ার মারজুকি, মিসর জর্জ ওন্সি, আলবেনিয়া/ইতালির ইরমা কুর্তি, উত্তর মেসিডোনিয়ার কাটিকা কুলাভকোভা, সার্বিয়ার ডুসান গোজকভ, ইতালির লিডিয়া চিয়ারেলি, কোরিয়ার সিয়ং ডুং, বেলজিয়াম/স্পেনের জার্মেইন ড্রুজেনব্রুডট, রোমানিয়ার লিয়েনাসিয়ানা, পোয়েজিয়েনা, পোয়েজিয়েনা উচ্চ জার্নাইল এস. আনন্দ, তুরস্কের তারিক গুনারসেল, চীনের কাও শুই, গ্রিসের দিমিত্রিস পি. ক্রানিওটিস, সার্বিয়ার মাজা হারমান-সেকুলিক এবং কিরগিজস্তানের রহিম করিম।
এই আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে মুম রহমান বলেন, ‘এই সম্মান আমার জন্য গভীর আনন্দ ও একই সঙ্গে বড় দায়িত্বের। আমি এটিকে শুধু আমার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না; বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ হিসেবেও দেখি। বিশ্বের বিভিন্ন ভাষার কবিদের সঙ্গে বাংলা কবিতার যে চিরন্তন সংলাপ, এই স্বীকৃতি সেই সংলাপকে আরও গভীর করবে—এটাই আমার প্রত্যাশা।’
মুম রহমান আরও বলেন, ‘কোরিয়া থেকে বাংলা ভাষার কোনো কবির জন্য এই প্রথম আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের ঘটনা হিসেবে এটি আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে। বাংলা ভাষার সাহিত্য যে বিশ্বসাহিত্যের বৃহত্তর পরিসরের অংশ, এই স্বীকৃতি তারই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষ্য।’
কেএওডব্লিউএল এবং সিএনপিএন গোল্ডেন পেন অ্যাওয়ার্ড আন্তর্জাতিক সাহিত্য ও কবিতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট কবিদের এই সম্মান প্রদানের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বাংলা ভাষার কবি মুম রহমানের নির্বাচন আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা। ইতোমধ্যে কোরিয়ার পত্রিকা সিএনপিএন মুম রহমানের একাধিক কবিতা ত্রিভাষায়া (বাংলা, ইংরেজি ও কোরিয়ান) ধারাবাহিকভাবে প্রকাশ করছে।