মুক্তিপণের জন্য অপহৃত নিলয় শিকদার নামে এক যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র্যাব। আজ রোববার র্যাব-১০-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।
এই ঘটনায় ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে। উদ্ধার হয়েছে লোহার শিকল, তালা, স্টিলের পাইপ ধারাল চাকুসহ বেশ কিছু সরঞ্জাম।
র্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিলয় শিকদারকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে তার পায়ে শিকল বেঁধে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখে অপহরণকারীরা। পরে নিলয়ের পরিবারের কাছ থেকে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে।
র্যাব-১০ অধিনায়ক আরও জানান, নিলয়ের পরিবারের লোকজন সাড়ে ৪ লাখ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও মুক্তি না দিয়ে আবারো ৫ লাখ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে অমানুষিক নির্যাতন চালায় নিলয়ের ওপর। চক্রটির সাথে আর কারা জড়িত সেটি খতিয়ে দেখছে র্যাব।