হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমান।
গত সোমবার রাতে শান্তিনগরে চেম্বার শেষে ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর পপুলার হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি সিএনজি অটোরিকশা থামিয়ে দেশি অস্ত্র নিয়ে ডা. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক আসাদুরের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বলেছেন, একজন রোগীকে ‘ভুল চিকিৎসা’ দেওয়া হয়েছে এমন ক্ষোভ থেকে তারা এ হামলা চালিয়েছেন।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তি ওই রোগীর বন্ধু বলে পুলিশের কাছে দাবি করেছেন।