রাজধানীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।  

গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, নিহত পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি দুপুরের দিকে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত বলে ঘোষণা করেন।  

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার পিতার নাম আব্দুর রকিব। বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।