দুই দূতাবাসে ই-মেইলে হুমকি, কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদার

রাজধানীতে চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার আবু খায়ের বিবিসি বাংলাকে বলেন, ‘চীন এবং রাশিয়া—তাদেরকে একটা হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে। তবে ওইটা কোনো জায়গা থেকে আসছে, ওইরকম নির্দিষ্ট কিছু না। আমরা ধারণা করছি, এটা স্ক্যাম বা ফেইক।’

ওই পুলিশ কর্মকর্তা জানান, ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়মানুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বিষয়টি জানানোর পর দূতাবাসগুলোর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং আরও জোরদার করা হয়েছে।

আবু খায়ের বলেন, ‘তারা আমাদেরকে সরাসরি কিছু জানায় নাই। তারা মনে হয় মিনিস্ট্রি অফ ফরেইন অ্যাফেয়ার্সকে জানিয়েছে। আমি অফিসিয়ালি কোনো কিছু পাই নাই, তবে যখন জানছি, আমাদের যে এক্সিসটিং সিকিউরিটি মেজার সেগুলোই আরও জোরদার করা হয়েছে। ওইরকম গুরুতর কোনো কিছু মনে করছি না।’

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।