গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আবুল কালাম আজাদ স্থানীয় বশির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে অন্যান্য দিনের মতো নিজ দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। তবে শনিবার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, বদ্ধ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।