নেই গ্যাস সংযোগ, অর্ধশত কারখানায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। সংযোগ না থাকাসহ তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। এছাড়া নন গ্যাস বয়লারে জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে চলছে অন্তত অর্ধশতাধিক ছোট-বড় কারখানা।

শেখেরচর ও মাধবদী শিল্পাঞ্চলে ৪১ ডাইং ও সাইজিং কারখানার নন গ্যাস বয়লারে প্রতিদিন পোড়ানো হচ্ছে প্রায় ৮ টন কাঠ। এতে হুমকিতে পড়ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। বনজ সম্পদ উজাড়সহ হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন পরিবশেবিদরা।

জুট বয়লার হিসেবে নিবন্ধিত নন বয়লারে কয়লা ও জুটসহ নানা উপকরণ ব্যবহারের সুযোগ থাকলেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। নরসিংদীর প্রধান বয়লার পরিদর্শক সুমন কুমার পাল জানান, পরিবেশের ক্ষতি হচ্ছে সত্যি, তবে শিল্প টিকিয়ে রাখতেই কাঠ পোড়ানো হচ্ছে।

সুনির্দিষ্ট আইন না থাকায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানান নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. বদরুল হুদা। 

নরসিংদী জেলায় নিবন্ধিত বয়লার কারখানা ৩৬৪। এর মধ্যে গ্যাসচালিত ৩২৩টি। জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় গাছ পোড়ানো বন্ধের দাবি স্থানীয়দের।