নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
ভোক্তা পর্যায়ে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
আজ সোমবার বিকেলে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত করেন সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, ‘তেল বা কোনো পদার্থ রয়েছে কিনা তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে।’
এর আগে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রৈমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের উপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
বাপেক্স জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়। কূপটির দুটি জোনে মিলেছে গ্যাসের সন্ধান। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।
গত ২১ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী অনুসন্ধান কূপ খনন প্রকল্প অগ্রগতি ও খনন কার্যক্রমের পরিদর্শন করে যান।


