আবাসিক ভবনে মিলল ৩ লাখ বিদেশি সিগারেট

রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম এই অভিযান চালায়। 

জব্দ করা সিগারেটের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা এবং মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ সরকারের রাজস্ব প্রায় ৩০ লাখ টাকা। 

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর পিসি কালচার হাউজিং ও মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বন্ধ দুটি গুদামের একটি থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা উদ্ধার করা হয়। অপর গুদাম থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট পাওয়া যায়। স্থানীয়রা জানায়, ঠিকানা আলাদা হলেও দুটি গুদামের প্রকৃত মালিক একই ব্যক্তি। 

অভিযানের সময় স্থানীয় লোকজন ও ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে গোয়েন্দা দল জানতে পারে, গোডাউন দুটি আলাদা ঠিকানায় হলেও এর প্রকৃত মালিক একই ব্যক্তি। ডিলারশিপ ব্যবসা করার কথা বলে তিনি গোডাউন দুটি ভাড়া নিয়েছিলেন।

ভবন মালিকরা সেখানে কী ধরনের পণ্যের ব্যবসা হতো, তা জানতেন না বলে গোয়েন্দা দলকে জানিয়েছেন। দিনের অধিকাংশ সময় গোডাউন বন্ধ থাকায় কার্যক্রমও তাদের চোখে পড়ত না।