ঢাকার ৫৫টি খাল পুনঃখনন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণে ২৬ ও উত্তরে ২৯টি মোট ৫৫টি খাল পুনঃখনন করা হবে।  এসব খালের পানি নদীতে ফেলার পরিকল্পনাও বাস্তবায়ন করবে সরকার। 

রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার, সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।  

উদ্ধার করা খাল দ্রুত পুনঃখনন ও জনবান্ধব করে তোলার আশা করেন রেল প্রতিমন্ত্রী। 

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো বর্তমান সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না।  জানান, ঢাকার চারদিকে পাঁচটি নদীকে আবার জীবন্ত করে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে ২৬ ও উত্তরে ২৯টি খাল পূনঃখনন ও খালের পানি নদীতে নেয়ার কথাও জানান তিনি।

বর্তমান প্রশাসকসহ ভবিষ্যতে যারা স্থানীয় নির্বাচন করবেন তাদেরকে জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান মীর শাহে আলম।