রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি জানায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাতের সঙ্গে শাহ আলম অনিকের ঘনিষ্ঠতা রয়েছে। তিনি শাহাদাত ও ইব্রাহিমের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। অনিকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
এর আগে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। তারা হলেন- মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।



