খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি জানায়, আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় চালানটি আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ঘোষণার সঙ্গে অসঙ্গতি পাওয়া যায় এবং ৬৫৮ কেজি ওজনের ১ হাজার ৯৮০টি ড্রোন শনাক্ত করা হয়।
চালানটি বিল অব এন্ট্রি নম্বর-১২৩৬৭, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এর মাধ্যমে আমদানি করা হয়। এতে পণ্য হিসেবে রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণা করা হয়েছিল।
এনবিআর জানায়, আটক ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। একই সঙ্গে ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টম হাইজ আইসিডি, ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতি পরিপন্থি পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাইজ আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।