সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

অনুমোদনহীন ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে টস বন্ড প্রাইভেট লিমিটেডের ৪টি গুদাম সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে এসব গুদাম সিলগালা করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক শেখ নুর ইসলাম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অংশ নেয় । প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে। টস বন্ডের দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়েছে।

এনবিআর বলছে, কোম্পানিটির ‘অনুমোদিত’ বা ‘ঘোষিত’ গুদামের সংখ্যা দুটি হলেও মোট চারটি গুদামে পণ্য মজুত রাখা হয়েছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি গুদামই সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত ও বিস্তারিত ‘যাচাই কার্যক্রম’ চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।