গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল মেডিসিন বিভাগে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওই ওষুধ উৎপাদন কারখানার হারবাল মেডিসিন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসে। এছাড়া শ্রমিকরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের সঙ্গে যোগ দেয়।।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’