ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া মো. মানিক (৪৫) নামের এক ব্যক্তিকে শতভাগ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট কাজ শুরু করলেও পরে যোগ দেয় আরও একটি ইউনিট।
আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ শতাংশ দগ্ধ নিয়ে মো. মানিক নামের এক ব্যক্তিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় এবং তার শাসনালী পুড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।