পদ্মা সেতু সড়কে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত, আহত ৭

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় লাইফ জোন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কালু বেপারী কান্দি এলাকার পদ্মা সেতু হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা হয়। 

নিহত বাস সুপারভাইজার নজরুল ইসলাম পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস 
কালু বেপারী কান্দি এলাকার পদ্মা সেতু হাইওয়ে সড়কের পাশে থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। এসময় পটুয়াখালী জেলা থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেস নামের আরেকটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেস বাসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় দুটি বাস দুমড়ে মুচড়ে যায়। আহত হন দুই বাসের অন্তত ৭ যাত্রী। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় লাইফ জোন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে শিবচর হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।