নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন গার্মেন্টসকর্মীর সঙ্গে ভাড়া থাকতেন।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, ‘নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।’ 

রাজিব হোসেন আরও বলেন, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন দুজন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্ফোরণে ওই বিল্ডিংয়ের কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।