সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু।
বিক্ষোভ মিছিলে করার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা– খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে, গত বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যুবলীগের বিক্ষোভ মিছিল হয়। এসময় মিছিল থেকে পুলিশকে হুমকি দেয় নেতাকর্মীরা, এতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।


