নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের চৌয়ালা মহল্লায় এই ঘটনা হয়।

সংঘর্ষের সময় চৌয়ালা এলাকার বিল্লাহ হোসেন (৩৮) এবং ইয়াসিন মিয়া (৩৫) নামে ২জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তবে এই ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, ‘চৌয়ালায় গুলিতে দুজন আহত হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ১০/১৫টি করে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়। তবে কারা এর সঙ্গে জড়িত আছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে জানানো হবে।’