৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শিল্প পুলিশ জানায়, মজুরি বাড়ানোর দাবিতে ওই এলাকার একটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এসময় তারা আশপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। পরে সেখানে জড়ো হতে শুরু করে অন্য কারখানার শ্রমিকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 

নিরাপত্তার স্বার্থে ওই এলাকার অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।