মিরপুর–১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে ওই এলাকায় এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

জানা গেছে, সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনের গেট এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি এখনও থমথমে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আশপাশের এলাকা থেকে পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর–১০ নম্বরে জড়ো হয়ে মোড় অবরোধ করেন।

এরআগে একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিককেরা। এদিন মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া গাজীপুরেও আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক পোশাক কারখানা।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেছেন। গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।