হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁকে আজ রোববার অন্তর্বর্তীকালিন জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, বয়স, অসুস্থতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টির একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।