ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি গ্রামের শাহাদত সরকারের ছেলে স্বাধীন সরকার।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল দুটি দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাজন ও ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ জানান, সন্ধ্যার পর ভাঙ্গা গোলচত্বর এলাকায় অতিরিক্ত গতির কারণে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোটরসাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।