পোস্তগোলায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা ও মিশুকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। 

আজ বৃহস্পতিবার ভোরে পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন–হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ও অটোরিকশার চালক জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর এলাকার ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। দুজনই কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র (৩৬)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।

নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে পোস্তগোলা গোলচত্বরের সামনে দুটি ট্রাক দ্রুতগতিতে পাশাপাশি চলার সময় ধাক্কায় অটোরিকশা ও মিশুক দুর্ঘটনার শিকার হয়। এতে দুই চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, ভোরে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।