রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের জেরে ছোট ভাই সায়েমের ছুরিকাঘাতে আপন বড় ভাই সাইফুল ইসলাম সাইফুল (৩৫) নিহত হন বলে অভিযোগ।
নিহত সাইফুলের বাবা সিরাজুল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা হয়।
নিহত সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। স্বজনেরা জানান, তাকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল এবং পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। বাসায় ছিলেন তার দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলার নিচে ছুরি মারে।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পড়ে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।