নরসিংদীর হত্যা মামলার আসামি ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর মডেল থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা যেমন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নরসিংদী সদর থানা এবং ঢাকার ধানমন্ডি থানাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য মতে, গত ২ নভেম্বর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।