বিক্ষোভ ও ছুটির পর খুলেছে পোশাক কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা

টানা কয়েকদিন শ্রমিকদের বিক্ষোভ ও সরকারি ছুটির পর আজ খুলেছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকেরা।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশিরভাগ কারখানা খুলে দিয়েছে মালিকপক্ষ। এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এদিকে আশুলিয়া-সাভারে কারখানাগুলোতে নির্ধারিত সময়ে কাজে উপস্থিত হয়েছেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।