গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী ধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বঠা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়া মোড়ে জড়ো হয়। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে লগি-বৈঠার মিছিল বের করে।
পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
এর আগে, ধর্মঘটকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। একই রাতে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।