গাজীপুরে ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে নানাভাবে হয়রানি ও ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিভিন্ন মাধ্যমে একের পর এক মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বোর্ড বাজারে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির জেলা আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ বছর বোর্ড বাজারে রেস্তোরাঁ ব্যবসা করছেন তিনি। কিন্তু ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে পাশের ব্যবসায়ী রেজানুর ইসলাম ও তার নেতৃত্বে একটি চক্র বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। হয়রানি ও সম্মান নষ্টের জন্য গত দুই মাসে তাকে ও তার ব্যবসা প্রতিষ্ঠান জড়িয়ে অপপ্রচার এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলে তারা সমঝোতার কথা বলে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও বলেন, অভিযুক্তদের অপতৎপরতার কারণে ন্যায় বিচার চেয়ে তিনি গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালতে ও ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এসময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি নূর এলাহী, সদস্যসচিব বিল্লাল হোসেনসহ বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকান মালিকরা উপস্থিত ছিলেন।