বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
আজ বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে এ আন্দোলন শুরু করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকেরা মহাসড়ক অবস্থান নেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানা ছুটি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়।
এদিকে টানা শ্রমিকদের আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে গেল ৮ ও ৯ নভেম্বর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। শ্রমিকেরা পুনরায় কাজে ফিরলেও ১০ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। গতকাল বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করেন শ্রমিকেরা। তবে সকালে মৌচাক এলাকায় সড়ক অবরোধ থাকলেও অন্যান্য এলাকায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে।


