গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডলফিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে চলাচলরত আরও চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাঘদী ইউনিয়ন বিএনপির কর্মী মিশন ঢালী বলেন, ‘এমপি সেলিমুজ্জামান সেলিমকে বরণ করতে আমরা সড়কে অবস্থান করছিলাম। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস হঠাৎ আমাদেরসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইলিয়াস ভাই গুরুতর আহত হন। পরে তাকে ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।’
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।