গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ভাঙচুর, ডিসি-এসপি প্রত্যাহার 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য কর্মসূচিতে উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে মিছিল, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনার নামফলক ও ব্যানার পরিবর্তনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। এরই মধ্যে বদলি করা হয়েছে জেলার ডিসি ও এসপিকে।

রাজনৈনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে প্রকাশ্যে রাজপথে নেমেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। এ সময় বিভিন্ন স্লোগানের পাশাপাশি তাদের হাতে ছিল লাঠিসোঁটা ও দেশি অস্ত্র।

এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এরপর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার পরিবর্তন করে তারা। শহরজুড়ে এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

এই কর্মসূচিকে ঘিরে পুলিশ, এসআরবির পাশাপাশি মোতায়েন করা হয় নতুন করে ছয় প্লাটুন বিজিবি। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে তারা।

বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।’

ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি সম্পদ, জানমাল এবং জননিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ।’

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি  জি.এম সরফরাজ এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির প্রজ্ঞাপন দেয় সরকার।