গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ নামে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ টাঙ্গাইলের শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর ৪৭৭৩/এ।
কারা কর্তৃপক্ষের দাবি, রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে একই কক্ষে থাকা অন্য এক বন্দি তাকে ঝুলন্ত অবস্থায় দেখে কারারক্ষীদের খবর দেন। কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’